দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন তরুণীকে হোটেলে নিয়ে আসার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০ ঘটিকায় কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল মারওয়া থেকে তাকে আটক করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
দণ্ডপ্রাপ্ত জলিল পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর এলাকার ইনছান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল জলিলের স্ত্রী এবং সন্তান থাকা সত্বেও টিকটকে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের প্রেমের ফাদে ফেলে কুয়াকাটার বিভিন্ন হোটেলে নিয়ে আসতেন।আজকেও হোটেল মারওয়াতে ওই পরিচয় দিয়ে হীরা আক্তার (১৬) নামে একটি মেয়ে নিয়ে কক্ষ ভাড়া নেন। পরবর্তীতে মহিপুর থানার এসআই মাসুদের নেতৃত্বাধীন একটি টিম অভিযান করে তাকে আটক করেন। এর আগেও তিনি একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে তার স্ত্রী মোছা. তামান্না (২০) উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী হীরা আক্তার (১৬) এবং তার বাবা মনির খান (৪০) সাক্ষ্য দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, জলিল দীর্ঘদিন ধরে টিকটকে নিজেকে সেনাবাহিনী পরিচয় দিয়ে একাধিক মেয়েদের সাথে প্রতারণা করেছেন। তাই সরকারি অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দান পেনাল কোড, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কেউ নিজেকে সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট কিংবা সরকারি যেকোনো কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে বা প্রতারণা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর দাবি জানান তিনি।
সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার ঘটনা রোধে এ ধরনের অভিযানে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
কেএম